আবুজর গিফারী, পাবনা প্রতিনিধিঃ
পাবনার কাশিনাথপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে যাত্রীবেশে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান করেন বেড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান।

আজ (২৭ মার্চ) শুক্রবার দুপুরে কাশিনাথপুর মোড় এলাকায় ঈদফেরত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়ের অভিযোগ নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় যাত্রীবেশে সিএনজি ভাড়া করতে গেলে একটি সিএনজি ৬০ টাকা, তিনটি সিএনজি ৫০ টাকা এবং একটি সিএনজি ৮০ টাকা ভাড়া দাবি করে। এসময় ৮০ টাকা দাবি করা সিএনজির ড্রাইভারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ধার্যকৃত মূল্যের অতিরিক্ত আদায়ের জন্যে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বাকি সিএনজির ড্রাইভারদের একই আইনে পাঁচশত টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয় ও যাত্রীদের থেকে নির্ধারিত মূল্যের অতিরিক্ত আদায় করবে না মর্মে মুচলেকা নেয়া হয়।জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান।
অভিযান পরবর্তী সময় সিএনজির ভাড়া স্বাভাবিক আছে মর্মে জানা গেছে।

