মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলার ২৯৮ নং সংসদীয় আসনের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে সকল প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ ফেব্রুয়ারী মঙ্গলবার খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এর সভাপতিত্বে সভায় খাগড়াছড়ি জেলার ২৯৮ নং আসনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নির্বাচনকালীন পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের নিরাপত্তা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সেনাবাহিনীর ভূমিকা ও মাঠপর্যায়ে মোতায়েন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
রিজিয়ন কমান্ডার তাঁর বক্তব্যে বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান এবং যেকোনো প্রকার সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন বা অনিয়ম থেকে বিরত থাকার অনুরোধ করেন। তিনি আরও বলেন, নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। সেনাবাহিনী প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ে মোতায়েন থাকবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
সভায় উপস্থিত প্রার্থীরা তাদের মতামত তুলে ধরেন এবং নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বাস্তব সমস্যার কথা উল্লেখ করেন। রিজিয়ন কমান্ডার মহোদয় প্রার্থীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভার মাধ্যমে প্রার্থী ও প্রশাসনের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও দৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

