আব্দুল্লাহ আল মামুন পিন্টু// আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল–৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদারে ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে চালু করেছেন ‘জনতার সংযোগ’ ফোন বুথ।
এই ফোন বুথের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তার সঙ্গে কথা বলে নিজেদের সমস্যা, অভিযোগ ও প্রয়োজনের কথা জানাতে পারবেন। এতে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের মধ্যকার দূরত্ব কমবে বলে মনে করছেন স্থানীয়রা।
দলীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইল–৫ আসনে মোট ৩০টি ফোন বুথ স্থাপন করা হবে। এর মধ্যে ১২টি ইউনিয়নে ১২টি এবং টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ডে ১৮টি ফোন বুথ বসানো হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে দাইন্না ইউনিয়নে একটি ফোন বুথ উদ্বোধনকালে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘একটি বাটন চাপলেই সরাসরি আমার ফোনে সংযোগ হবে। যেকোনো মানুষ আমার সঙ্গে কথা বলতে পারবেন। নির্বাচিত হলে আর কারো মাধ্যমে আমার কাছে আসতে হবে না।’
তিনি আরও বলেন, নির্বাচিত হলে আগামী পাঁচ বছর জনগণের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখবেন।
এদিকে টাঙ্গাইলের সার্বিক উন্নয়নে তিনি ২৩ দফা পরিকল্পনা এবং বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার করেছেন। টাঙ্গাইলকে নিরাপদ, মাদকমুক্ত ও আধুনিক মডেল নগর হিসেবে গড়ে তোলাও তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ।

