মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ জন প্রাণ হারিয়েছেন। আজ মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) দুপুরে পাঁড়ইল ইউনিয়নের জিনারপুর মোড়ে একটি দ্রুতগতির ভুটভুটির সঙ্গে যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে নিয়ামতপুর সরকারি হাসপাতালে নেয়ার পর দুজনের মৃত্যু হয় , দুর্ঘটনায় নিহতরা হলেন, পাড়ইল ইউনিয়নের উমইল গ্রামের বাসিন্দা নুরেফা খাতুন (৪০), পিতা- খোদাবক্স এবং একই গ্রামের ভ্যানচালক আব্দুল মতিন শেখ (৬৫), পিতা- শমসের শেখ।

স্থানীয় জনগনের মারফত জানা যায়, জিনারপুর মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগতির ভুটভুটি বিপরীত দিক থেকে আসা ভ্যানটিকে সরাসরি ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় নিয়ামতপুর হাসপাতালে ভ্যানচালক আব্দুল মতিন ও যাত্রী নুরেফা খাতুন নিহত হন। এতে আরো ৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা দ্রুত এগিয়ে আসেন এবং আহত ৩ জনকে উদ্ধার করে নিকটস্থ নিয়ামতপুর হাসপাতালে ভর্তি করেন। মেডিকেলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা বর্তমানে খুবই আশঙ্কাজনক তাই তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংবাদ পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, ঘাতক ভুটভুটিটি নিয়ামতপুর থানায় নিয়ে আসা হয়েছে ,এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
এই ঘটনায় ইমইল পাড়ইল গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অত্র এলাকার মানুষের দাবি ঘাতককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

