মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মদ উদ্ধার করেছে ১৬ বিজিবি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে পলাতক আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে সাপাহার উপজেলার কৃষ্ণসুধা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
১৬ বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসির সরাসরি নির্দেশনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাপানিয়া বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ২৩৬/এমপি থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৃষ্ণসুধা এলাকায় অভিযান চালায়। টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ৩ হাজার পিস এবং ভারতীয় মদ এক বোতল উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৫১ হাজার ৫০০ টাকা।
বিজিবি আরও জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ চোরাচালানের সঙ্গে সাপাহার উপজেলার কৃষ্ণসুধা গ্রামের মো. নাইমুল ইসলামের ছেলে মো. সাদেকুল ইসলাম (২৮) এবং মো. মতিরুলের ছেলে মো. হযরত আলী (৩৫) জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তারা বর্তমানে পলাতক রয়েছেন।
এ ঘটনায় পলাতক দুজনের বিরুদ্ধে সাপাহার থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য সাপাহার থানায় হস্তান্তরের প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছে বিজিবি।

