বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার,নওগাঁ
বৈষম্যহীন ৯ম পে স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবিতে নওগাঁর পত্নীতলায় বিশাল বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা চত্বরে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ, পত্নীতলা উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা ব্যানার ও ফেস্টুন হাতে উপজেলা পরিষদ চত্বরে জড়ো হতে থাকেন। এসময় তারা বর্তমান বাজার পরিস্থিতির সাথে সংগতি রেখে দ্রুত নতুন পে স্কেল প্রদান এবং দীর্ঘদিনের বেতন বৈষম্য নিরসনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনরত কর্মচারীরা তাদের বক্তব্যে ৭ দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে প্রধান দাবিগুলো হলো: অবিলম্বে বৈষম্যহীন ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ করা। পে স্কেল প্রদানের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করা।
সচিবালয়ের ন্যায় সচিবালয় বহির্ভূত দপ্তরগুলোর পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নত করা। আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে ওই পদে নিয়োজিতদের স্থায়ীকরণ করা।
কর্মসূচিতে বক্তারা বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বর্তমান বেতন কাঠামো দিয়ে জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে। আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”
বক্তারা আরও হুঁশিয়ারি দেন যে, যদি দ্রুততম সময়ের মধ্যে তাদের এই ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া না হয়, তবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কয়েকশ সরকারি কর্মচারী উপস্থিত ছিলেন।

