জিয়া চৌধুরী (খুলনা জেলা প্রতিনিধি)
খুলনা আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে বিএনপি ও জামায়াত দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হট্টগোলের মাঝে মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কচি নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটা দশ মিনিটে এ ঘটনা ঘটে। নিহত মহিবুজ্জামান কচি খুলনা নগরীর হাজী মহসিন রোড বাই লেনের বাসিন্দা । প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায় সকাল আটটায় আলিয়া মাদ্রাস একাডেমিক ভবন কেন্দ্রের অদূরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। তখন কচি নামের বিএনপির নেতা হঠাৎ অসুস্থ হয়ে পরে। তারপর স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে তিনি মারা যান।
খুলনা-২ আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, আলিয়া মাদ্রাসায় জামায়াত নেতার ধাক্কায় বিএনপি নেতা কচি নিহত হয়েছেন। আমরা অধ্যক্ষ ও জামায়াত নেতা মাহাবুবের গ্ৰেপ্তারের দাবি জানাই । খুলনা-২ আসনে জামায়তের প্রার্থীর প্রধান এজেন্ট শেখ জাহাঙ্গীর আলম বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। এখানেও জামায়াতকে জড়ানো হচ্ছে। অধ্যক্ষ জামায়াতের কেউ নন।’
খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিম মিয়া বলেন, ‘আমি সবুরণনেসা কেন্দ্র থেকে ভোট দিয়ে বাড়ি প্রবেশ করছিলাম। তখন দেখি কয়েকজন মহিলাদের বের করে দিচ্ছে। আমি সবাইকে যেতে বলি। কাউকে ধাক্কা দেইনি। কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা সদর থানা এস আই খান ফয়সাল রাফি বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরির সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেই। তখন একজনকে সিএনজিতে করে বাইরে নিয়ে যেতে দেখা যায়। এখানে ধাক্কাধাক্কি বা হাতাহাতির কোনো ঘটনা ঘটেনি। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. পার্থ রায় বলেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না।

