মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সুরমা চা-বাগানের অভ্যন্তরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ মার্চ ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা-বাগানের কিবরিয়াবাদ ডিভিশনের সেকশন নং-০২ ও ০৪ এর মাঝামাঝি একটি ছড়া থেকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সুরমা চা-বাগানের সহকারী ব্যবস্থাপক মলয় দেব রায় বাদী হয়ে মাধবপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাগান কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, কয়েকজন ব্যক্তি অবৈধভাবে বেলচা-কোদাল দিয়ে বালু ও মাটি উত্তোলন করছে এবং তা দুটি মাহিন্দ্রা ট্রাক্টরের মাধ্যমে অন্যত্র নিয়ে যাচ্ছে।
এ সময় ঘটনাস্থল থেকে পান্না মুন্ড নামে একজনকে আটক করা হয়। তবে অন্য অভিযুক্তরা পালিয়ে যায়। আটক ব্যক্তির কাছ থেকে অন্যদের পরিচয় জানা যায়।
পরবর্তীতে খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃত ব্যক্তি ও দুটি বালুভর্তি ট্রাক্টর জব্দ করে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র চা-বাগানের ছড়া ও টিলা থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছে। এতে চা-বাগানের ছড়ার পাড় ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
এ ঘটনায় পান্না মুন্ডসহ আরও কয়েকজনের বিরুদ্ধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

