বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার,নওগাঁ
নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদীতে গোসল করতে নেমে রিয়া মনি (১০) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্বজনদের সাথে বিয়ের দাওয়াতে এসে আনন্দ-উল্লাসের বদলে পরিবারে এখন বইছে শোকের মাতম।
নিহত রিয়া মনি নওগাঁর রানীনগর উপজেলার আতাইকুলা গ্রামের রনির মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ রিয়া মনি তার বাবা-মায়ের সাথে মান্দা উপজেলার চকবালু গ্রামে খালু আবুল কালামের ছেলের বিয়ের অনুষ্ঠানে আসে। বুধবার (১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রিয়া তার বাবার সাথে বাড়ির পাশের আত্রাই নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে সবার অলক্ষ্যে রিয়া নদীর গভীর পানিতে তলিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে স্বজন ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ৭-৮ মিনিট পর তাকে পানির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আহসান হাবিব পরীক্ষা-নিরীক্ষা শেষে রিয়াকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার তদন্তকারী কর্মকর্তা এসআই জাকিরুল ইসলাম জানান, শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

