মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি সদর থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধারসহ মোহাম্মদ হাবিব উল্লাহ ওরফে রাশেদ (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (২৩ ফেব্রুয়ারী) সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালের সামনে থেকে মিরিন দেওয়ান নামের এক ইন্টার্ন চিকিৎসকের কালো রঙের ইয়ামাহা ১৫০ সিসি মোটরসাইকেলটি চুরি হয়। ভুক্তভোগী চিকিৎসক হাসপাতালের কাজ শেষে ফিরে এসে দেখেন তাঁর মোটরসাইকেলটি যথাস্থানে নেই।

পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোর শনাক্ত করা হয়। রাত পৌনে ৯টার দিকে জিরোমাইলে অবস্থিত পার্ক সাইড হাসপাতালের লোকজনের সহযোগিতায় অভিযুক্ত হাবিব উল্লাহকে গ্রেপ্তার এবং মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। মোহাম্মদ হাবিব উল্লাহ প্রকাশ রাশেদ চট্রগ্রামের ফটিকছড়ি থানার ধর্মপুর গ্রামের মো: নুরুল ইসলামের ছেলে।
খাগড়াছড়ি সদর থানাসুত্র জানায়, জেলায় চুরি ও ছিনতাই রোধে পুলিশ অত্যন্ত তৎপর। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে উল্লেখ করে সুত্র আরও জানায়, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।

