খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি বাজারে জাল টাকা ব্যবহার করে প্রতারণা চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের কাছ থেকে উদ্ধার হওয়া জাল টাকা ও একটি মোটরসাইকেলসহ মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
০৩ আগস্ট সোমবার সকাল ১০টার দিকে বেলছড়ি বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আটক দুই ব্যক্তি বাজারের দোকানদার মো. দেলোয়ার হোসেনের দোকান থেকে মোটরসাইকেলের জন্য ১ লিটার জ্বালানি তেল কিনে ১ হাজার টাকার একটি নোট দেন। নোটটি সন্দেহজনক মনে হলে দোকানদার সেটি যাচাই করতে চাইলে তারা মোটরসাইকেল রেখে পালানোর চেষ্টাকালে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে আটক করে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক ব্যক্তিরা জাল টাকার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে তাদের দেহ তল্লাশি করে আরও ১ হাজার টাকা মূল্যমানের তিনটি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জাল টাকার মোট পরিমাণ ৩ হাজার টাকা।
খবর পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বাজার কমিটির কাছ থেকে আটক দুই ব্যক্তি, উদ্ধার হওয়া জাল টাকা এবং একটি সুজুকি মোটরসাইকেল (নিবন্ধন নম্বর: ফেনি-ল-১১-৩৬৫৯) নিজেদের হেফাজতে নেয়।
আটক ব্যক্তিরা হলেন, সিলেট জেলার কোতোয়ালী থানার সুবহানিঘাট এলাকার মো. সেলিম আহম্মেদ (২৫) এবং খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের বাবুল ডাক্তারপাড়া এলাকার মামুন (২৮)।
পুলিশ জানিয়েছে, জাল টাকা উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

