বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার,নওগাঁ
নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ পিস ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে। মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) দিবাগত রাত দেড়টার দিকে জয়পুরহাট সদর থানাধীন জগদিশপুর নামক স্থান থেকে এই মাদক উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাগলাদেওয়ান বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ নাজমুল ইসলাম-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে। সীমান্ত মেইন পিলার ২৭৩/৬এস ও ৭এস-এর মাঝামাঝি এলাকা দিয়ে ভারতীয় চোরাকারবারীরা মাদক নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে—এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা জগদিশপুর গ্রামের একটি সরিষা ক্ষেতে অবস্থান নেন।

অভিযান চলাকালীন বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা অন্ধকার ও সরিষা ক্ষেতের সুযোগ নিয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩০ পিস ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, সীমান্তে অবৈধ পারাপার রোধ, মাদক চোরাচালান বন্ধ এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা সজাগ রয়েছে। সীমান্ত দিয়ে সব ধরণের অপরাধ দমনে এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো বর্তমানে জয়পুরহাট সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

