সুলাইমান পোদ্দার ষ্টাফ রিপোর্টার,(ভোলা)।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ভোলার তজুমদ্দিন উপজেলায় ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল, থানা তদন্ত কর্মকর্তা সুশান্ত দাস, তজুমদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ জালাল আহম্মেদ, চাঁদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ কামাল মাহমুদ এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার এক চিরবিদ্রোহী কবি। তাঁর লেখনীতে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও মানুষের মুক্তির যে অবিনাশী বার্তা রয়েছে, তা বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। নতুন প্রজন্মকে কবির সাহিত্য ও দর্শনের সঙ্গে নিবিড়ভাবে পরিচিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা পর্ব শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান, নজরুলসংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত ও পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো উপজেলা পরিষদ হলরুম।

