সুলাইমান পোদ্দার ষ্টাফ রিপোর্টার (ভোলা)।
ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীর বাসনভাঙ্গা চরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নজরুল ইসলাম মঞ্জু (৫২) নামের এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম মঞ্জু উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কেয়ামূল্যাহ গ্রামের মৃত বদিউজ্জামালের ছেলে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে মেঘনার বাসনভাঙ্গা চরে অন্যান্য জেলেদের সাথে মাছ ধরতে যান নজরুল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে শশীগঞ্জ মাছ ঘাটের অন্য জেলেরা বিষয়টি দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দিব্যেন্দু রায় রাজিব জানান, বেলা ১টা ৩০ মিনিটের দিকে বজ্রপাতে আক্রান্ত ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বজ্রপাতে তার শরীরের একাংশ পুড়ে গেছে। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, বজ্রপাতে একজন নিহত হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।

