সুলাইমান পোদ্দার স্টাফ রিপোর্টার ভোলা।।
পবিত্র রমজান উপলক্ষে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি প্রশাসনের নেই মনিটরিং। রমজান শুরু হতেই ভোলার তজুমদ্দিন উপজেলার বিভিন্ন বাজারে নিত্যপণ্যের দাম লাগামহীন হয়ে পড়েছে। দ্রব্যমূল্য ক্রেতার সাধ্যের বাইরে চলে যাচ্ছে। রমজান আসার আগে বাজারে এক ধরণের দৃশ্য ছিলো কিন্তু রমজান আসা মাত্রই দৃশ্য পাল্টে অদৃশ্য উত্তাপ তৈরি হয়েছে। রমজান শুরুর সাথে সাথেই ক্রেতা-বিক্রেতাদের মাঝে হাহাকারের চিত্র লক্ষ করা গেছে। ক্রেতারা বলছে স্থানীয় প্রশাসনের তদারকির ঘাটতিই এর অন্যতম কারন।

উপজেলার বেশ কয়েকেটি বাজার ঘুরে ক্রেতাদের সাথে আলাপ করলে তারা জানায়, সঠিক তদারকি ও মনিটরিং না থাকায় বাজারের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ রাখা সম্ভব হচ্ছেনা। প্রশ্ন হলো রমজানে কেন প্রতি বছর একই দৃশ্যপট? রমজানে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। নতুন সরকারের প্রতি তাদের দাবী, শপথের পর প্রথম কাজ হোক দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ গ্রহন করে বাজার সিন্ডিকেট ভেঙ্গে দেয়া।
উপজেলার শশীগঞ্জ বাজার, ডাওরী বাজার, খাসের হাট বাজারসহ বেশ কিছু বাজারে সরজমিনে দেখা যায় ৩/৪ দিনের ব্যবধানে বেগুন ৩০ টাকা থেকে এখন ৮০টাকা,শশা ৪০ টাকা থেকে ১০০টাকা,মুরগী ১৬০ টাকা থেকে ১৯০টাকা,লেবু ৩০ টাকা থেকে ৬০/৭০টাকা,খেজুর প্রতি কেজিতে ৮০ থেকে ১০০ টাকা বেশি।
ছোলা ১০০ টাকা থেকে ১১০/১২০টাকা পিয়াজ ৫৫ টাকা থেকে ৭০ টাকা। সাধারণ ক্রেতারা বলছে কিছু অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধ হলেই জনসাধারণের সাধ্যের মধ্যে থাকবে সকল প্রকার পণ্য।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল ইসলাম মুঠোফোনে জানান, বাজার নিয়ন্ত্রণে রাখতে রমজানের পূর্ব হতেই জেলা ম্যাজিস্ট্রেট সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে। খাদ্যের সরবরাহ ও মজুদের বিষয়টা নজরদারীতে রয়েছে। তবে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান ও মনিটরিং শীগ্রই শুরু হবে।

