আব্দুল্লাহ আল মামুন পিন্টু// বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ পার্লামেন্ট ইলেকশনে সারাদেশে পাঁচ লাখ ৬০ হাজার আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। এ লক্ষ্যে সকল সদস্যকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে। বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইলেকশন প্রস্তুতিমূলক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আনসার-ভিডিপি একমাত্র বাহিনী যাদের নিয়মিত সদস্য নেই। তারা সাধারণত সমাজে স্বাভাবিক জীবনযাপন করে এবং কেবল রাষ্ট্রের প্রয়োজনে নিজেদের জীবিকা ছেড়ে দায়িত্ব পালনে এগিয়ে আসে। প্রথমবারের মতো দেশের প্রতিটি জেলায় এ ধরনের প্রস্তুতিমূলক সমাবেশের আয়োজন করা হচ্ছে।
মহাপরিচালক বলেন, ইলেকশনে আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইলেকশন কমিশনের নির্দেশনা অনুযায়ী ‘সুরক্ষা অ্যাপস’-এর মাধ্যমে আনসার সদস্যদের কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি ভোটকেন্দ্রে ২ থেকে ৩ জন আনসার সদস্যকে অ্যাপে নিবন্ধন করা হবে। ইলেকশনের দিন কোনো অনিয়ম বা সমস্যা রিপোর্ট করা হলে মোবাইল ট্র্যাকিং ফোর্স তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি বলেন, সকল বাহিনীর মধ্যে ডিজিটাল ও ফিজিক্যাল সমন্বয়ের মাধ্যমে একটি কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে- যা উপজেলা পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় জেলা আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট রেজাউল ইসলামসহ জেলার বিভিন্ন উপজেলার আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টাঙ্গাইল জেলার ৮টি সংসদীয় আসনে পার্লামেন্ট ইলেকশনে ১৩ হাজার পাঁচশয়ের বেশি আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

