আব্দুল্লাহ আল মামুন পিন্টু// আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনের নাগরপুর উপজেলায় মোট ৯৬টি ভোটকেন্দ্রের মধ্যে ২৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে এসব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে।
নাগরপুর উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ৪৩ জন। নারী-পুরুষ, তৃতীয় লিঙ্গ এবং পোস্টাল ব্যালটসহ ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।
টাঙ্গাইল-৬ আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসলামি আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আখিনুর মিয়া (হাতপাখা),নাগরপুর উপজেলার বি এন পি মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী ডা. একেএম আবদুল হামিদ (দাড়িপাল্লা), জাতীয় পার্টির তারেক শামস খান (জেপি বাইসাইকেল), মোহাম্মদ মামুনুর রহিম (লাঙ্গল) এবং দুইজন স্বতন্ত্র প্রার্থী—ব্যারিস্টার আশরাফুল ইসলাম (মোরগ) ও মোঃ জুয়েল সরকার (হরিণ)—এর ভোট প্রভাব নাগরপুর উপজেলায় গুরুত্বপূর্ণ।
নাগরপুর থানার ওসি মুরাদ হোসেন জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এরফান উদ্দিন বলেন, সব কেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপনসহ প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন। তিনি আরও জানান, ভোটাররা নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন।

