বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার,নওগাঁ
নওগাঁর পত্নীতলায় মদ্যপ স্বামীর নিষ্ঠুরতায় ঝরে গেল এক গৃহবধূর প্রাণ। সামান্য তুচ্ছ ঘটনায় মদ্যপ স্বামী প্রদীপ চৌধুরীর (৩৮) ধাক্কায় দেয়ালে আঘাত পান প্রতিমা রানী (২৫)। রক্তাক্ত ও আহত অবস্থায় যথাযথ চিকিৎসা না পাওয়ায় ঘুমের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উজিরপুর চৌধুরীপাড়া গ্রাম থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উজিরপুর চৌধুরীপাড়ার মৃত জয়নাথ চৌধুরীর ছেলে প্রদীপ চৌধুরী দীর্ঘদিন ধরেই চোলাইমদে আসক্ত ছিলেন। শুক্রবার রাত ৯টার দিকে তিনি মদ্যপ অবস্থায় বাড়িতে ফেরেন। নেশার ঘোরে পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে স্ত্রী প্রতিমা রানীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি।

একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে স্ত্রীকে এলোপাথাড়ি মারধর শুরু করেন প্রদীপ। ধস্তাধস্তির সময় প্রদীপ সজোরে ধাক্কা দিলে প্রতিমা ঘরের প্লাস্টারবিহীন ইটের দেয়ালের ওপর আছড়ে পড়েন। এতে তাঁর বাম চোখের কোণ ও ঠোঁটে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।
আহত ও রক্তাক্ত স্ত্রীকে কোনো চিকিৎসা না দিয়ে বরং সেই অবস্থাতেই ৮ বছরের একমাত্র সন্তান জয়দেবকে মাঝখানে রেখে ঘুমিয়ে পড়েন প্রদীপ। আজ শনিবার সকালে অনেক বেলা হলেও প্রতিমা ঘুম থেকে না ওঠায় প্রদীপ তাঁকে ডাকাডাকি করেন। স্ত্রীর শরীর নিথর দেখে তিনি চিৎকার শুরু করলে আশপাশের মানুষ জড়ো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনার পর পরই ঘাতক স্বামী প্রদীপ চৌধুরীকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানায়: প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় গুরুতর আঘাত বা অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে ঘুমের মধ্যেই প্রতিমা রানীর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”
এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মদ্যপানের মতো সামাজিক ব্যাধি কীভাবে একটি সাজানো সংসার ধ্বংস করে দিল এবং একটি শিশুকে মাতৃহারা করল, তা নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

