মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি.
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন খন্দকার ফরহানা ইয়াসমীন আতিকা। তাঁর এই আনুষ্ঠানিক পদক্ষেপ ঘিরে মানিকগঞ্জসহ সংশ্লিষ্ট রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রত্যাশা ও আলোচনার সৃষ্টি হয়েছে।
শনিবার ১১ই এপ্রিল রাজধানীর নয়াপল্টনে অবস্থিত দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাত থেকে আনুষ্ঠানিকভাবে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতায় পরিচিত ফরহানা আতিকা বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল-এর কেন্দ্রীয় কমিটির মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি একই সংগঠনের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি অবিভক্ত ঢাকা মহানগর ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক, ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং ইডেন কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করে সংগঠনের বিভিন্ন স্তরে দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
জেলা পর্যায়েও রয়েছে তাঁর সক্রিয় সম্পৃক্ততা। তিনি মানিকগঞ্জ জেলা বিএনপি-এর সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন মাঠপর্যায়ে সক্রিয় থেকে সংগঠনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে নেতাকর্মীদের কাছে তিনি একজন পরীক্ষিত ও আস্থাভাজন নেত্রী হিসেবে পরিচিত।
দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও সংগঠনের প্রতি আনুগত্যের ধারাবাহিকতায় সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ তাঁর রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাঁদের বিশ্বাস, দলীয় সিদ্ধান্তে তাঁর অভিজ্ঞতা ও অবদান যথাযথ মূল্যায়ন পেলে তিনি জাতীয় সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পেতে পারেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, ধারাবাহিক সক্রিয়তা এবং নেতৃত্বের সক্ষমতা তাঁকে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এখন দলীয় মনোনয়ন প্রক্রিয়ার চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তাঁর সমর্থক ও শুভানুধ্যায়ীরা।
মানিকগঞ্জের নেতাকর্মী ও সমর্থকদের প্রত্যাশা—দীর্ঘ রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পেলে ফরহানা ইয়াসমিন আতিকা নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

