লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় চাচার বালি টানার ট্রাক্টর থেকে পড়ে ভাতিজার করুণ মৃত্যু হয়েছে বলে জানাগেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল সাড়ে ১২ টার দিকে বেলটিয়া ইটভাটা এলাকার একটি সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত নয়ন মোল্যা (১১) জয়পুর ইউনিয়নের মোচড়া গ্রামের উত্তর পাড়ার পিকুল মোল্যার ছেলে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে , প্রতিদিনের ন্যায় মোচড়া উত্তরপাড়ার শ্রমিক আকরাম মোল্যা তার আপন ভাতিজা নয়নকে সাথে নিয়ে পাশ্ববর্তী মধুমতী নদী থেকে ট্রাক্টরে বালুভর্তি করে মোচড়ার দিকে ফিরছিল। এ সময় ভাতিজা নয়ন বালুভর্তি ট্রাক্টরের উপরে বসে ছিল। বালুভর্তি ট্রাক্টরটি বেলটিয়া ইটভাটার সন্নিকটে আসলে সড়কের পাশে থাকা বাঁশে আঘাত লেগে হঠাৎ ভাতিজা নয়ন ট্রাক্টরের ওপর থেকে ছিটকে ট্রাক্টরের পেছনের চাকার নিচে পড়ে মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়।
উল্লেখ্য যে উপজেলা মাসিক আইন শৃংখলা মিটিংয়ে প্রতিমাসে এই অবৈধ মাটি ও বালু টানা গাড়ি নিয়ে অভিযোগ থাকার পরও নেই কোন প্রতিকার। প্রতিকার থাকলে হয়তো এই শিশুর প্রান হয়তো ঝরে যেত না।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

