মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
পর্যটন স্পট সাজেকে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
২৬ মার্চ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে সাজেক কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

জোন কমান্ডার লে. কর্নেল মো. তারেকুল ইমরানের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মো. সালমান সিদ্দিক এবং লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল আরাফাতসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় উপ-অধিনায়ক মেজর মো. সালমান সিদ্দিক বলেন, ২৬ মার্চ বাঙালি জাতির গৌরব ও আত্মত্যাগের এক অবিস্মরণীয় স্মারক। এ দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া সবার দায়িত্ব। তিনি আরও বলেন, দুর্গম পাহাড়ি এলাকাতেও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়, যা স্থানীয়দের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

