মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,
হবিগঞ্জ শাহজিবাজার এলাকায় গ্যাস কোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হারুনুর রশিদ আজাদ (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১ মার্চ) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত হারুনুর রশিদ আজাদের বাড়ি শিবপুর উপজেলার চন্ডিবর্দি গ্রামে। তিনি ছেলে মিজানুর রহমানের বাসায় বেড়াতে এসেছিলেন। মিজানুর রহমান জালালাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড–এর শাহজিবাজার কার্যালয়ে ব্যবস্থাপক হিসেবে কর্মরত।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার ব্যক্তিগত কাজে মিজানুর রহমান ঢাকায় গেলে বৃদ্ধ বাবাকে বাসায় একা রেখে যান। রোববার ভোররাতে বাসার একটি কক্ষে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দেখে নিরাপত্তাকর্মী ও অন্যান্য কর্মচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতাল–এ নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মুর্শেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকেই এ দুর্ঘটনার সূত্রপাত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা একা বাসায় বয়স্ক মানুষ রেখে যাওয়ার ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান।

