জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত বিজয় র্যালি ও সমাবেশে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
৫ জুলাই বুধবার সন্ধ্যয় উপজেলার প্রধান গেটের সামনে, ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার তাইবুল হাসানের বক্তব্য চলাকালে বিএনপি নেতা অ্যাডভোকেট নেওয়াজ আহমেদ নজরুল ঠাকুর তার কাছ থেকে মাইক কেড়ে নিয়ে নেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার তাইবুল হাসানের সমর্থক ও উপস্থিত কয়েকজন নেতাকর্মী এ ঘটনার তীব্র নিন্দা জানান। তাদের দাবি, দীর্ঘদিন দলের রাজনীতিতে সক্রিয় থাকা এবং বিভিন্ন সময় রাজনৈতিক কারণে হামলা মামলার শিকার ও কারাবরণ করা একজন নেতার সঙ্গে এমন আচরণ অনাকাঙ্ক্ষিত।
ইঞ্জিনিয়ার তাইবুল হাসান বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন। তার ভাষ্য অনুযায়ী, পরিবার থেকে দূরে থাকতে হয়েছে এবং ২০২৩ সালে তাকে গ্রেপ্তার করে কারাগারেও নেওয়া হয়। তিনি দাবি করেন, এত কিছুর পরও তিনি দলের প্রতি নিজের অবস্থান থেকে সরে যাননি।
তিনি আরও অভিযোগ করেন, “অ্যাডভোকেট নেওয়াজ আহমেদ নজরুল ঠাকুর দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং দুইবার উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় তিনি কোনো নাশকতা মামলার আসামি হননি। সে সময় মামলা ও নির্যাতনের শিকার নেতাকর্মীদেরও খোঁজখবর নেননি। অথচ আজ আমার বক্তব্যের সময় তিনি আমার মাইক কেড়ে নিয়েছেন।”
এ ঘটনার পর কয়েকজন নেতাকর্মী ভিন্নমতকে সম্মান জানিয়ে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানান। তাদের মতে, মতপার্থক্য থাকলেও প্রকাশ্যে কাউকে অপমান বা বক্তব্য প্রদানে বাধা দেওয়া গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তবে এ বিষয়ে অ্যাডভোকেট নেওয়াজ আহমেদ নজরুল ঠাকুর বলেন বক্তব্য মধ্যে কিছু ক্রটিপূর্ন বক্তব্যের কারনে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তারকাছ থেকে মাইকটি নেওয়া হয়েছে।
এঘটনায় লোহাগড়া উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিমায়েত হোসেন বলেন ওই প্রোগ্রামে আমি ছিলাম না। উল্লেখিত বিষয় আমাকে কেউ অবহিত করে নাই।

