প্রেস বিজ্ঞপ্তি:
‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ধনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়। পাশাপাশি শ্রেষ্ঠ বক্তাও নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের শিক্ষার্থী সামিয়া ইসলাম মিম। আর বির্তকে প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছে শেরপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়েন সভাকক্ষে ওই বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক রোকনুজ্জামান, শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম। এছাড়া অন্যান্যদের মধ্যে প্রধান শিক্ষক আবু সাঈদ, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মান্নান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক আইয়ুব আলী, সদস্য আফরোজা নার্গিস সাথী, প্রতিভা রানী প্রমুখ বক্তব্য রাখেন। এরআগে দুইদিন ব্যাপি এই বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার মোট আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিদ্যালয়গুলো হলো-ধনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়, ছোনকা দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়, শেরপুর টাউন কলোনী এ.জে উচ্চ বিদ্যালয়, শেরপুর সরকারি ডিজে হাইস্কুল, সেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, শেরপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, পল্লী উন্নয়ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ও মজিবর রহমান মজনু বালিকা উচ্চ বিদ্যালয়।
বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্বে ‘প্রতিরোধ নয়, দুর্নীতি নির্মূলই কার্যকর উপায়’-বিষয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই লড়াইয়ে শেরপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যায়লকে হারিয়ে শেষ পর্যন্ত বিজয়ের মুকুট পড়েন ধনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়। বিচারকের দায়িত্ব পালন করেন- শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জিন্নাহ, উচরং বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন, বিরাকৈর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইখতিয়ার উদ্দিন। বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। ওই অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ নানা শ্রেণীপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার উন্নয়ন ও উত্তম চর্চা বিকাশের প্রয়াসে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন-এমনটাই দাবি করে আয়োজক কমিটির নেতারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বার্তা প্রেরক
নিমাই ঘোষ, সভাপতি ও আইয়ুব আলী সহ সভাপতি
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির শেরপুর, বগুড়া,
তাং-২৫.০৮.২০২৬

