মোঃ রিপন রেজা,স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ইসলামি বক্তা মুফতি আমির হামজার আগমনকে কেন্দ্র করে আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। উপজেলার ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লক্ষণখোলা এলাকার পৌর মাঠে সোমবার (১৬ নভেম্বর) ‘তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা’র উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে মুফতি আমির হামজার উপস্থিত থাকার কথা জানিয়েছেন আয়োজকেরা।আয়োজক কমিটির সদস্য ও বন্দর উত্তর থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আতিকুর রহমান জানান,মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত আবেদন করা হয়েছে।এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে আয়োজকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তাঁদের সঙ্গে কথা বলেছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় মাহফিল আয়োজন নিয়ে কোনো সমস্যা হবে না বলে তাঁরা আশাবাদী।এদিকে, মাহফিলকে কেন্দ্র করে ভিন্নমতও দেখা দিয়েছে স্থানীয় আলেম-ওলামা ও কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের মধ্যে।গত শনিবার(১৪ নভেম্বর)বন্দরের লক্ষণখোলা মাহমুদীয়া মাদ্রাসায় অনুষ্ঠিত এক বৈঠকে নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদ,হেফাজতে ইসলাম,ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্থানীয় বিএনপির নেতারা অংশ নেন।বৈঠকে আমির হামজার আগমন প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মুফতি মাছুম বিল্লাহ বলেন,তাঁরা মাহফিল বন্ধের পক্ষে নন। তবে আমির হামজার বক্তব্যে আলেম-ওলামাদের সমালোচনা এবং মাহফিলে নারীদের প্রসঙ্গ উপস্থাপনের ধরন নিয়ে স্থানীয় আলেমদের আপত্তি রয়েছে।এ কারণেই তাঁরা তাঁর আগমনের বিরোধিতা করছেন।তিনি আরো বলেন, বিষয়টি প্রশাসনের নজরে এনে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া উচিত।

