মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ ইব্রাহিম (৩৩) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে পোরশা উপজেলার ২ নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের দাদা মসজিদের পেছনে কাঁচা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোটরসাইকেলযোগে মাদক বহনের সময় ইব্রাহিমকে হাতেনাতে আটক করা হয়।
পরে তার পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক বিক্রয়মূল্য ৩৩ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তার ইব্রাহিম পোরশা উপজেলার পশ্চিম গোবড়াকুড়ি গ্রামের শরিফ উদ্দীন শাহের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ইতিপূর্বে চারটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পোরশা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পোরশা থানার অফিসার ইনচার্জ।

