মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ.
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সামাজিক সংগঠন ‘দরদী যুব সংঘ’। সংগঠনটির উদ্যোগে সড়ক দুর্ঘটনায় নিহত মোঃ রোমানের পরিবারের পাশে দাঁড়িয়ে তার স্ত্রীকে স্বাবলম্বী করে তুলতে একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার (২০ শে মার্চ), ৩০ রমযান দুপুরে সংগঠনটির সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এসময় শুধু সেলাই মেশিনই নয়, ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবারটির হাতে তুলে দেওয়া হয় গরুর মাংস, মুরগির মাংস, পোলাওয়ের চাল, তেল, ডাল, চিনি, সেমাই, পেয়াজ ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

উপহার পেয়ে নিহত রোমানের পরিবার আবেগাপ্লুত হয়ে পড়ে এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। পরিবারের সদস্যরা জানান, এই সহায়তা তাদের জন্য বড় ধরনের মানসিক ও বাস্তবিক শক্তি জুগিয়েছে।
উল্লেখ্য, গত ৫ মার্চ সকালে মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের পালড়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন মোঃ রোমান। মোটরসাইকেলযোগে যাওয়ার সময় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। রোমান সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের আউটপাড়া গ্রামের হযরত আলীর ছেলে। তার মৃত্যুর পর স্ত্রী ও দুই কন্যা সন্তান—চার বছরের আফিয়া ও দুই বছরের আফরিনকে নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারটির।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন দরদী যুব সংঘের সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক মোঃ সোহেল, অর্থ সম্পাদক গোলাম মোস্তফা, সহ-দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শফিকুল ইসলাম এবং সহ-দপ্তর সম্পাদক নাইম ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
স্থানীয়দের মতে, এমন মানবিক উদ্যোগ সমাজের অন্যদেরও এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

