মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি
খাগড়াছড়ি জোন কর্তৃক পানছড়িতে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও ধর্মীয় প্রতিষ্ঠানে টিন বিতরন করা হয়।
০৯ মে শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে পানছড়ির লোগাং চিকনচাঁন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে খাগড়াছড়ি জোনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রমে বিভিন্ন পাড়া থেকে আসা ৩০০-এর অধিক নারী, পুরুষ ও শিশুদের মাঝে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও ওষুধ বিতরন করা হয়।
চিকিৎসাসেবার পাশাপাশি চিকনচাঁন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও ছাতা বিতরণ করা হয়। উপহার পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়। এছাড়াও স্থানীয় একটি ধর্মীয় প্রতিষ্ঠানে নির্মাণ সহায়তার অংশ হিসেবে ঢেউটিন বিতরণ করা হয়।
এ সময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক কার্যক্রম পরিদর্শন করেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি এলাকার আইন-শৃঙ্খলা উন্নয়ন, শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে স্থানীয়দের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বানও জানান।
তিনি বলেন, “চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ের দুস্থ, অসহায় ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে খাগড়াছড়ি জোন নিয়মিত মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
খাগড়াছড়ি জোনের এ মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

