মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
এবার মন্ত্রিসভায় নতুন মুখ দেখা যেতে পারে—এমন আলোচনায় রয়েছেন দীর্ঘ বছর রাজপথে আন্দোলন সংগ্রামে সম্মুখ যোদ্ধা ও গুম ফেরত নেতা মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার ও সদর আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের নাম ঘুরছে সম্ভাব্য মন্ত্রী বা প্রতিমন্ত্রীর তালিকায়।
জামায়াত মনোনীত প্রার্থীকে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন খোকন। এর আগে ২০১৮ সালেও তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে একই আসনে নির্বাচন করেছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, খোকন তালুকদার বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। ছাত্র-রাজনীতি থেকে উঠে আসা এ নেতা একসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় শতাধিক মামলার আসামি হয়ে একাধিকবার কারাবরণ করেন তিনি। দীর্ঘ সময় তিনি গুমের শিকার ছিলেন এবং নানা নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়েও রাজপথের আন্দোলন সংগ্রামে সম্মুখ যোদ্ধা হয়ে দলীয় নেতাকর্মীদের সাথে সক্রিয় ভূমিকা রাখেন।
আওয়ামী লীগের প্রভাবশালী এলাকায় দলকে সংগঠিত করতে ও তৃণমূল পর্যায়ে শক্তিশালী কাঠামো গড়ে তুলতে কাজ করেন তিনি।
প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন এবং মাদারীপুরের প্রতিটি ইউনিয়নে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আলোচনায় আসেন। এছাড়া বিএনপি ঘোষিত মাদারীপুরের বিভিন্ন কর্মসূচিতে বড় বড় শোডাউন দিয়ে তৎকালীন সরকারের মোস্ট ওয়ান্টেডের তালিকায়ও নাম উঠে আসে তার।
বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, দলের হাইকমান্ডের আস্থাভাজন নেতাদের মধ্যে খোকন অন্যতম।
সম্ভাব্য মন্ত্রিপরিষদের প্রাথমিক আলোচনায় তার নাম রয়েছে। সে ক্ষেত্রে তিনি পূর্ণমন্ত্রী কিংবা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন।
অন্যদিকে নিজ নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীরা মনে প্রাণে বিশ্বাস করেন, আনিসুর রহমান তালুকদার খোকন’কে মন্ত্রী’র পদে ভূসিত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মাদারীপুর বাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণ করবেন।

