মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
পরিবেশ সংরক্ষণ,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত দূর্গাপ্রসাদ ইসলামিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার দুপুরে একটি ফলজ,একটি বনজ ও একটি ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন দেওয়ান, অভিভাবক সদস্য চাঁন মিয়া ফকির,এলাকার বিশিষ্ট মুরুব্বি আলী প্রধান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তার যৌথভাবে চারা রোপণ করেন।এ সময় বক্তারা বলেনপরিবেশের ভারসাম্য রক্ষা,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ,পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই।একটি ফলজ,একটি বনজ ও একটি ঔষধি গাছ রোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা,প্রকৃতিপ্রেম এবং গাছের প্রতি দায়িত্ববোধ গড়ে তোলাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।প্রধান শিক্ষক শিউলি আক্তার বলেন,বিদ্যালয়ে রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা করা হবে।পাশাপাশি শিক্ষার্থীদেরও নিজ নিজ বাড়ি ও আশপাশে গাছ লাগানো এবং পরিচর্যার মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার জন্য উৎসাহিত করা হবে। কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শেষে রোপণ করা চারাগুলোর সুষ্ঠু পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণকে আরও সবুজ ও মনোরম করে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

