বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার, নওগাঁ
নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর বিশেষ অভিযানে ধামইরহাট উপজেলা থেকে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ উদ্ধার করা হয়েছে। তবে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) সকালে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অদ্য ২৭ অক্টোবর ২০২৬ ভোর ৫টা ৪০ মিনিটে চকিলাম বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৬৭/এমপি থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট উপজেলার চকশব্দল নামক স্থানে একটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ওই স্থান তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং একটি মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি সবসময় দৃঢ়প্রতিজ্ঞ।

