পঞ্চগড় জেলা প্রতিনিধি মো আরিফুল ইসলাম ইরান
উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের দ্বিতীয় দিনে পঞ্চগড়ের সীমান্ত এলাকা বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সোমবার সকালে তেঁতুলিয়া ডাকবাংলো, মহানন্দা পাড়সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। এসময় তার সফরসঙ্গী ছিলেন সহধর্মিণী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাস বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের প্রতিনিধিরা। তারা ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকার নান্দনিক পরিবেশ ও চারপাশের সবুজ প্রকৃতি দেখে মুগ্ধ হন। সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্মৃতি ধরে রাখতে ছবিও তোলেন।
পরে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেন। সিভিল সার্জন এর কাছে চিকিৎসা সামগ্রী তুলে দেন এবং পঞ্চগড়ের স্বাস্থ্য বিভাগে আমেরিকান প্রকল্পের মাধ্যমে সহায়তার কথা জানান।
এরপর তিনি পঞ্চগড় সার্কিট হাউজ হলরুমে স্থানীয় সংসদ সদস্যসহ সুধিজনের সাথে মতবিনিময় করেন।
তাৎক্ষণিক প্রকাশের জন্য ৩১ আগস্ট, ২০২৬ বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র নিচের বিবৃতিটি যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার মুখপাত্র পূর্ণিমা রাইয়ের পক্ষ থেকে প্রদান করা হলো
৩১ আগস্ট, ২০২৬ দেশজুড়ে মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা শক্তিশালী করতে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ ডলারের (২৯ কোটি ৩২ লক্ষ ৮০ হাজার টাকা) চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র।
পঞ্চগড় জেলা হাসপাতালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবাবিষয়ক প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন। যুক্তরাষ্ট্রের বৃহত্তর এই সহায়তার মধ্যে রয়েছে নবজাতকের শরীর উষ্ণ রাখার (newborn warmers) ও শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম (breathing equipment), গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখার উপকরণ (maintain cold chain supplies)। যুক্তরাষ্ট্রের অর্থায়নে FHI 360, Jhpiego, JSI ও ইউনিসেফ-এর মাধ্যমে এসব সরঞ্জাম ও উপকরণ দুর্গম এলাকাসহ দেশজুড়ে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।
এই সহায়তা বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে স্বাস্থ্যব্যবস্থা সুদৃঢ় করা এবং যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতের উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখছে।। দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।।

