মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আদর্শ নগর ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডে ঈদের বিশেষ বরাদ্দ ১০ কেজি চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মনির হাওলাদার কিছু মেম্বারের প্ররোচনায় চাল বিতরণে স্বচ্ছতা না রেখে চলছে ‘চালবাজি’।

অভিযোগ রয়েছে, প্রকৃত গরিব ও হতদরিদ্র মানুষরা এই সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ যারা বিদেশে বসবাস করেন তাদের পরিবারের সদস্য, এমনকি গরুর খামারের মালিকসহ আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিরাও এই সুবিধা পাচ্ছেন।
ভুক্তভোগী সাধারণ মানুষ জানান, তারা বারবার যোগাযোগ করেও কোনো স্লিপ পাচ্ছেন না। অনেকেই অভিযোগ করেন, তালিকা প্রণয়নে স্বজনপ্রীতি ও অনিয়মের কারণে প্রকৃত উপকারভোগীরা পিছিয়ে পড়ছেন।
এ ঘটনায় স্থানীয় জনগণের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে অনিয়ম বন্ধ করে প্রকৃত দরিদ্রদের মাঝে চাল বিতরণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা মাননীয় প্রতিমন্ত্রী রাজীব আহসানের হস্তক্ষেপ কামনা করেছেন।

