মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি থেকে:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম সম্পর্কে জেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন।
১৩ মে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত। তিনি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জেলার বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরেন। এসময় তিনি উন্নয়ন কার্যক্রমের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাসান মারুফ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহসভাপতি মো. জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

