ঢাকাWednesday , 1 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বেড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত ।

Link Copied!

– আবুজর গিফারী, বেড়া উপজেলা প্রতিনিধি।

আজ ১ মে, ২০২৪, আন্তর্জাতিক শ্রমিক দিবস (মহান মে দিবস)I আজকের দিনে প্রতিপাদ্য বিষয় হলো”শ্রমিক মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শ্রমিক সংগঠন ও শ্ৰম মন্ত্রণালয় সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। পাবনা জেলার বেড়া উপজেলাও এর ব্যতিক্রম নয়। বেড়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে র‍্যালি ও শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বেড়া উপজেলা সভাপতি জনাব আবুজার গিফারীর নেতৃত্বে বেড়া সরকারি কলেজ ফুটবল মাঠ প্রাঙ্গণ থেকে সকাল ৭ ঘটিকায় র‍্যালিটি শুরু করে বেড়া সিএনবি বাস স্ট্যান্ড গোল চত্বর প্রদক্ষিণ করে কানাইবাড়ি মোড়, ফকির প্লাজায় এসে সমাপ্ত হয়। র‍্যালি শেষে সকাল ৮ ঘটিকায় এক শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা জনাব আবুজর গিফারী, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বেড়া উপজেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া প্রেসক্লাব সভাপতি, ডাক্তার মোঃ আব্দুল হান্নান।

 

শ্রমিক সমাবেশের শুরুতে তাত শ্রমিক ট্রেড ইউনিয়ন সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বেড়া উপজেলা সেক্রেটারি জনাব মোঃ আব্দুল হান্নান শ্রমিক অধিকার সংশ্লিষ্ট একটি বিপ্লবী গান পরিবেশন করেন।

 

প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ আব্দুল হান্নান, তার বক্তব্যে মে দিবসের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে “হে” মার্কেটের শ্রমিকেরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। সেই থেকে আজ পর্যন্ত সমগ্র বিশ্বে মে মাসের প্রথম দিন মে দিবস হিসেবে পালন হয়ে আসছে। তিনি আরো বলেন যে, এই মে দিবসে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য সকল দেশে শ্রমিকদের দাবি দাওয়া আশা-আকাঙ্ক্ষা কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করে থাকে। তিনি বলেন মানবাধিকার, সমাজতন্ত্র ও মানবিক বিশ্বের আদর্শ প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করেছে শ্রমজীবী মানুষের আত্ম নিবেদন। প্রধান অতিথি আরো বলেন, সব ধরনের শ্রমিক তাদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া উচিৎ। একজন শ্রমিকের অধিকার আছে তারপর পরবর্তী প্রজন্মের সদস্যরা শিক্ষা দীক্ষা গ্রহণ করে যেন সমাজের মূল স্রোতে মিশে যেতে পারে। একজন শ্রমিকেরও আছে মৌলিক অধিকারগুলো ভোগ করার অধিকার। সবশেষে প্রধান অতিথি ডাক্তার আব্দুল হান্নান বলেন যে, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকেরা তাদের সাধ্যমত প্রচেষ্টা চালিয়ে যাবে।

 

সমাবেশের শেষে সভাপতির সমাপনী বক্তব্যে শ্রমিক নেতা গিফারী বলেন, মে দিবস আসে মে দিবস চলে যায়। স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত হয়। নেতাদের ঝাঁঝালো বক্তব্যে আর আশ্বাসের মাধ্যমে দিনটি পার করে শ্রমিকেরা আবার ঘাম ঝরানো কাজে নেমে পড়ে। সকল কিছুর মূল্য বাড়ে তার সাথে বাড়ে জীবন সংগ্রামে কষ্টের কসরত। একজন শ্রমিক জানেনা তার জীবনের নিরাপত্তা কোথায়। সে জানেনা শ্রমের মূল্যের সাথে আর কোন নিরাপত্তা এবং সুযোগ-সুবিধা পাবার অধিকার তার আছে কিনা? শ্রমিকের ঘামে অট্টালিকা গড়ে ওঠে, নির্মাণ হয় শত শত মাইল রাস্তা, শ্রমিকের ঘামে ভেজে জমিন অথচ সেই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমি আজ এই সমাবেশ থেকে ঘোষণা করতে চাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যাবে। যে মেহনতী মানুষের মেহনতে চলছে এই পৃথিবী সেই মেহনতী মানুষের অধিকার আদায়ের ন্যায্য দাবি প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে যোগদান করুন। শ্রমিকেরা কারো কাছে বাড়তি কিছু চায় না শুধু চায় তাদের ন্যায্য অধিকার। সরকার কর্তৃক শ্রম অধিদপ্তরের মাধ্যমে যতগুলো সুযোগ সুবিধা আছে রাম বাম সংগঠনেরা সেগুলো লুটপাট করে খাচ্ছে। আসুন শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে সেই অধিকার আদায়ের সংগ্রামে আমরা সকলেই শরিক হই। একটা কথা মনে রাখবেন, “আল্লাহর আইন অনুযায়ী শ্রম অধিকার নিশ্চিত করতে না পারলে, পৃথিবীর কোন নিয়ম-নীতি, মানুষের তৈরি করা কোন আইন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে না। শ্রমিকদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী শ্রম নীতি প্রণয়নের বিকল্প নেই।”

আপনাদের সকলের বিপদে আপদে যেকোনো সমস্যায় আমি আপনাদের পাশে আছি। তিনি আরো বলেন শ্রমিকদের শ্রমে প্রতিষ্ঠিত হয় কারখানা গড়ে ওঠে অট্টালিকা সেই শ্রমিকদের অধিকার আদায় না করা পর্যন্ত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনাদের সাথে নিয়ে সংগ্রাম চালিয়ে যাবে, ইনশাআল্লাহ।

তিনি সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সকলকে র‍্যালি ও সমাবেশে শত স্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে র‍্যালি পরবর্তী সমাবেশের সমাপ্ত ঘোষণা করেন।

 

এখানে উল্লেখ্য যে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে, বেড়া রিক্সা-ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়ন (রাজ-৩৩৫৬), তাঁত শ্রমিক ট্রেড ইউনিয়ন (রাজ-৩১৬২), নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়ন (রাজ-৩৩৫৫), দর্জি শ্রমিক ট্রেড ইউনিয়ন (রাজ-৩৩৬৯) সহ বিভিন্ন শ্রমিক গোষ্ঠী মে দিবসের র‍্যালিতে যোগদান করেন। তীব্র গরমের মাঝে ধৈর্য্য ধারন করে সকল শ্রমিকরা সুশৃংখল ভাবে র‍্যালিতে অংশ গ্রহন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST