মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কঠিন ও সংকটময় সময়ে দলকে সুসংগঠিত রাখা এবং নেতাকর্মীদের পাশে দাঁড়াতে অসামান্য ভূমিকা রাখায় সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের ভূয়সী প্রশংসা করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। রবিবার (১৬ আগস্ট) দুপুরে কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর চর আইরকান্দি এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পুনর্বাসন গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশংসা করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, “দলের সুদিনে অনেকেই কাছে আসেন, কিন্তু দুর্দিনে যারা সব ভয়-ভীতি ও বাধা-বিপত্তি উপেক্ষা করে রাজপথে টিকে থাকেন, তারাই দলের আসল প্রাণ। তিনি আরও বলেন, বিগত দিনে যখন দলের নেতাকর্মীরা মামলা, হামলা ও নানা প্রতিকূলতার মুখোমুখি হয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন, তখন শহিদুল ইসলাম নিজের ব্যক্তিগত নিরাপত্তা ও স্বার্থের কথা না ভেবে তৃণমূলে দলকে আগলে রেখেছেন। নেতাকর্মীদের আর্থিক ও আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি আন্দোলনের মাঠ সচল রাখতে তিনি যে সাহসী ভূমিকা পালন করেছেন, তা দলের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। আগামী দিনেও দলীয় ঐক্য বজায় রেখে দেশের সার্বিক কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য,প্রশংসিত নেতা শহিদুল ইসলাম মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দুই বারের সফল সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গৃহ হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম,কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী এবং যুবদল নেতা মামুন শিকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

