ভালুকা উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
২৬ মার্চ বৃহস্পতিবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

এরপর ভালুকা সরকারি কলেজ মাঠে কুচকাওয়াজ, জাতীয় সংগীত পরিবেশন এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দিনব্যাপী আয়োজনে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্ব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। এছাড়াও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং দেশপ্রেম জাগ্রত করতে নানা আয়োজন করা হয়।

