মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি.
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় মানিকগঞ্জের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামির রশিদ খান, পুলিশ সুপার মো. সারওয়ার আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহজাহান সিরাজ, পল্লী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।
এ ছাড়া শিক্ষা প্রশাসনের প্রতিনিধি, এলজিইডির কর্মকর্তা, মানিকগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও কর্মসূচিতে অংশ নেন।
পুষ্পস্তবক অর্পণের পর জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পাশাপাশি জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
পরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য ও চেতনা নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের কাছে তাদের ত্যাগ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসনের কর্মকর্তারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
দিবসের বিভিন্ন কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

