মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা প্রায় এক হাজার বিভিন্ন ধরনের দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভাঙচুর করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলোতে অভিযান চালানো হয়। প্রশাসনের এমন কঠোর অভিযানে মুহূর্তেই বদলে যায় মোগরাপাড়া চৌরাস্তার চিত্র।
উচ্ছেদ অভিযানে প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করে সোনারগাঁ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা মাঠে সক্রিয় ভূমিকা পালন করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর ইসলাম এবং স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন।তারা উচ্ছেদ কার্যক্রমে প্রশাসনকে সহযোগিতা করেন।অভিযান চলাকালে মহাসড়কের দুই পাশে থাকা একের পর এক অবৈধ দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।দীর্ঘদিন ধরে মহাসড়কের জায়গা দখল করে এসব স্থাপনা গড়ে ওঠায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা,তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল বলে স্থানীয়দের অভিযোগ।
প্রশাসনের এই অভিযানে মহাসড়কের দুই পাশ অনেকটাই দখলমুক্ত হয়েছে। এতে যানবাহন চলাচল ও পথচারীদের স্বাভাবিক চলাচল সহজ হওয়ার পাশাপাশি মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় যানজট কমার আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।স্থানীয়দের দাবি, শুধু উচ্ছেদ করলেই হবে না-উচ্ছেদ করা জায়গায় যাতে আবারও রাতারাতি অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে, সেজন্য প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রাখতে হবে।মোগরাপাড়া চৌরাস্তার মহাসড়ক দখলমুক্ত করতে প্রশাসনের এই কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

