মোঃ আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার (৮ মার্চ) বেলা ১২টার দিকে রৌমারী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল, আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। প্রতিপাদ্যকে সামনে রেখে নারী অধিকার, নিরাপত্তা এবং সমাজে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে নারীর অংশগ্রহণ অপরিহার্য। নারীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় পরিবার ও সমাজের সচেতনতার ওপর গুরুত্ব দেন বক্তারা। তারা আরও বলেন, নারীদের ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষা এবং তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মহিম আল মোস্তাকুর, উপজেলা জামায়াতের আমীর হায়দার আলী, এটিও নাজমুল করিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রোমোটার মাসুদ পারভেজ ও শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে নারী অধিকার ও সমতার বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে সমাপ্ত করা হয়।

