মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
ঐতিহাসিক সোনারগাঁয়ের অন্যতম ধর্মীয় ও দর্শনীয় স্থান লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরে প্রবেশের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। খানাখন্দ, ভাঙাচোরা পিচ ও জমে থাকা কাদাপানিতে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও মন্দিরে আসা দর্শনার্থীরা।স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করলেও দীর্ঘদিন ধরে সংস্কারের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন অংশে পানি ও কাদা জমে চলাচল আরও কঠিন হয়ে পড়ে। কোথাও কোথাও বড় গর্ত তৈরি হওয়ায় যানবাহন চলাচলেও সৃষ্টি হচ্ছে ঝুঁকি।বিশেষ করে ধর্মীয় উৎসব ও বিভিন্ন বিশেষ দিনে লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরে দর্শনার্থীর সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। তখন সড়কের দুরবস্থা আরও প্রকট হয়ে ওঠে। বয়স্ক মানুষ, নারী ও শিশুদের এই পথ পাড়ি দিতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “লোকনাথ ব্রহ্মচারীর মতো গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় স্থানে প্রবেশের রাস্তার এমন অবস্থা সত্যিই দুঃখজনক। প্রতিদিন মানুষ কষ্ট করে চলাচল করছে, অথচ সমস্যাটির স্থায়ী সমাধান হচ্ছে না।আরেকজন বলেন, “বৃষ্টির সময় রাস্তার অবস্থা আরও ভয়াবহ হয়ে যায়। গর্তে পানি জমে থাকায় অনেক সময় বোঝাই যায় না কোথায় রাস্তা আর কোথায় গর্ত।সচেতন মহলের মতে, লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরকে ঘিরে ধর্মীয় পর্যটনের সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রবেশমুখের সড়কের এমন দুরবস্থা পর্যটক ও দর্শনার্থীদের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে।তাই দ্রুত সড়কটি সংস্কার ও প্রয়োজনীয় পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
স্থানীয়দের দাবি,সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন আর সাময়িক জোড়াতালি নয়, বরং সড়কটির টেকসই সংস্কার করে। একই সঙ্গে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে দীর্ঘদিনের এই জনদুর্ভোগ অনেকটাই কমবে।
এখন দেখার বিষয়, ঐতিহ্যবাহী সোনারগাঁয়ের গুরুত্বপূর্ণ এই প্রবেশপথের দুরবস্থা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে কার্যকর পদক্ষেপ নেয়।

