ভালুকা উপজেলা প্রতিনিধি
যানবাহনের জন্য জ্বালানি তেলের সংকটকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ড্রামে তেল বিক্রি করছে—এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই ছিল সাধারণ মানুষের। বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে প্রয়োজনীয় তেল না পেয়ে ভোগান্তিতে পড়ছেন চালক ও যাত্রীরা।

এরই প্রেক্ষিতে আজ বুধবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পৌরসভার বাঘরাপাড়া এলাকায় অবস্থিত একটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে ড্রামে তেল বিক্রির সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভালুকা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন।
এ সময় উপস্থিত স্থানীয়রা এ ধরনের অভিযানকে স্বাগত জানান এবং ভোক্তা অধিকার রক্ষায় প্রশাসনের এমন পদক্ষেপকে সাধুবাদ জানান।
তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমে আসবে এবং সাধারণ মানুষ স্বস্তি ফিরে পাবে।

