মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,ইমদাদুল ইসলাম
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা–এর ঐতিহ্যবাহী তেলিয়াপাড়া চা বাগান–এ ম্যানেজার বাহাউদ্দিন লিটনের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে প্রায় ৫০০ থেকে ৬০০ জন শ্রমিক কর্মবিরতি পালন করেন। পরে তারা বাগান এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং একটি বিক্ষোভ মিছিল বের করেন।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন বাগান সভাপতি খোকন তাঁতি, বাগান সেক্রেটারি লালন পাহান এবং সার্বজনীন পূজা উৎসব কমিটির সভাপতি সরজিত পাশি।

শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্ব্যবহারের কারণে তারা ক্ষোভ প্রকাশ করে আসছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বাগানবাসী ম্যানেজারের কাছে গিয়ে সরজিত পাশিকে গালাগাল করার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। তবে সেদিন তারা কোনো সন্তোষজনক উত্তর না পেয়ে ফিরে আসেন।
শ্রমিকরা দ্রুত ম্যানেজারকে প্রত্যাহার করে তাদের দাবি-দাওয়া পূরণের আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে এবং বাগানে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এ বিষয়ে বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে ম্যানেজার বাহাউদ্দিন লিটনের কাছে জানতে চাইলে তিনি বলেন, “বাগানের শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজ করছেন। এখানে যারা আন্দোলন করছেন, তারা বহিরাগত; তারা কেউ বাগানের নিয়মিত শ্রমিক নন।
এদিকে শ্রমিকরা ম্যানেজারের এ বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, “নাম ধরে ডেকে প্রমাণ করা হোক—আমরা শ্রমিক নাকি বহিরাগত।
পরিস্থিতি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন বাগানবাসী।

