কুড়িগ্রাম প্রতিনিধি// কুড়িগ্রাম সদরে চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও সার্বিক অগ্রগতি পর্যালোচনা উপলক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক জনাব আবু সাইদ কামরুজ্জামান এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান (রংপুর সার্কেল)।
এ সময় আরও উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীরা। সভায় কুড়িগ্রাম সদর এলাকার চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি, মান নিয়ন্ত্রণ এবং সময়মতো কাজ সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নির্বাহী পরিচালক আবু সাইদ কামরুজ্জামান বলেন, “জনস্বার্থ সংশ্লিষ্ট উন্নয়ন কাজে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। কাজের গুণগত মান নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান (রংপুর সার্কেল) বলেন, “কুড়িগ্রাম জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রকৌশল বিভাগ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে।”
সভা শেষে কর্মকর্তারা কয়েকটি উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

