ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় স্ত্রী নগদ অর্থ ও প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার বিকেলে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন স্বামী মো.হুমায়ুন কবির (৩৮)।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মানারদিঘিপুর গ্রামের বাসিন্দা। তার স্ত্রী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোদারচালা গ্রামের মোছা. আছিয়া আক্তার (২৯)। বিবাহের পর থেকে তারা স্বাভাবিকভাবে সংসার করে আসছিলেন। তবে হঠাৎ কোনো কারণ ছাড়াই তার স্ত্রী কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যান।
অভিযোগে আরও বলা হয়,বাড়ি ছাড়ার সময় তিনি ঘরে থাকা নগদ ২ লাখ ৫০ হাজার টাকা,প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার এবং নিজের ব্যবহৃত কিছু কাপড়-চোপড় সঙ্গে নিয়ে যান।
পরিবার ও আত্মীয়-স্বজনের মাধ্যমে খোঁজাখুঁজি এবং সমাধানের চেষ্টা করেও কোনো সুরাহা না হওয়ায় শনিবার বিকেলে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

