মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় লংগদু জোনের তত্ত্বাবধানে পবিত্র মাহে রমজান-২০২৬ উপলক্ষে লংগদু জোনের দায়িত্বপূর্ণ এলাকার অসহায় ও দরিদ্র ১০০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি নিজে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। এ সময় তিনি সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং রমজানের তাৎপর্য ও পারস্পরিক সহমর্মিতার গুরুত্ব তুলে ধরেন। ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা লংগদু জোন ও বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং জোন কমান্ডারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।

