আবুজর গিফারী,পাবনা প্রতিনিধি:
বেড়ায় মরহুম অ্যাডভোকেট আবদুর রহিম এবং বেগম নূরুন্নাহার স্মৃতি পরিষদের উদ্যোগে “কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ২০২৬” ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২টায় সিএন্ডবি বাসস্ট্যান্ড সংলগ্ন নূরুন্নাহার ডায়াগনস্টিক সেন্টারে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর (অব.) এ.টি.এম ফজলুর রহিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী ফকির, আলহেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হাকিমুল কবির এবং বেড়া প্রেস ক্লাবের সভাপতি ডাঃ আব্দুল হান্নান।
বক্তারা তাদের বক্তব্যে মাহে রমজানের গুরুত্ব তুলে ধরেন এবং পবিত্র কুরআনের আদর্শে জীবন গড়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা এ ধরনের আয়োজনের প্রশংসা করে বলেন যে, কোরআন শিক্ষা সম্পৃক্ত প্রতিযোগিতা মূলক এই ধরনের প্রোগ্রাম যত আয়োজন করা যাবে আগামীর প্রজন্মকে ততই আদর্শিক শিক্ষা লাভ করার জন্য উদ্বুদ্ধ হবে।
অনুষ্ঠানের শেষের দিকে ছেলে ও মেয়ে দুই ক্যাটাগরির উভয় প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী কে নগদ ১০ হাজার টাকা, ২য় স্থান অধিকারী কে নগদ ৫ হাজার, ৩য় স্থান অধিকারী কে ২ হাজার করে প্রদান করা হয়। প্রতি বিজয়ী কে নামফলক সহ ক্রেস্ট এবং প্রত্যেক প্রতিযোগীকে একটি করে কোরআন শরীফ প্রদান করা হয়।
এছাড়াও অতিথিদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণ শেষে মরহুমদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

