বিপ্লব সরকার, স্টাফ রিপোর্টার ,নওগাঁ
“বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বজ্রপাতের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় এক বিশেষ তালবীজ রোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে এই মহৎ উদ্যোগ নেওয়া হয়।
১৩ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার ৫ নং বিশা ইউনিয়নের বৈঠাখালী থেকে থলওলমা সেতু (নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের কাছাকাছি পর্যন্ত) প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ রাস্তার দুই পাশে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। নওগাঁ জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্টের নিজস্ব অর্থায়নে এবং স্থানীয় আনসার ও ভিডিপি সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়। এছাড়া এই বিশাল পরিমাণ তালবীজ সংগ্রহে আন্তরিক সহযোগিতা করেন দেশব্যাপী পরিচিত বৃক্ষপ্রেমী ও নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. হুমায়ুন কবীর পিভিএম। তিনি তার বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বজ্রপাতের হাত থেকে পরিবেশ ও মানবজীবন রক্ষা এবং মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রাকে বাস্তবায়ন করতেই আমাদের এই বিশেষ উদ্যোগ। রোপণকৃত এই আড়াই হাজার তালবীজ আনসার-ভিডিপি সদস্যদের মাধ্যমে নিয়মিত তদারকি ও পরিচর্যা করা হবে।” তিনি বীজ সংগ্রহে সহায়তার জন্য মাহমুদুন নবী বেলালকে ধন্যবাদ জানান এবং বিশা ইউনিয়নে পরিবেশের উন্নয়নে বাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন। আনসার বাহিনীর এই প্রশংসনীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “গ্রামীণ জনপদে বজ্রপাতের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে এই গাছগুলো ভবিষ্যতে রক্ষাকবচ বা ঢাল হিসেবে কাজ করবে।”
উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ খুশি খাতুন। তিনি জেলা কমান্ড্যান্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয় সদস্যদের মাধ্যমে রোপিত সবকটি বীজের শতভাগ পরিচর্যা নিশ্চিত করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ ছাড়াও উপজেলার বিভিন্ন পদবির আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সার্বিকভাবে, আত্রাই উপজেলার বিশা ইউনিয়নে এই পরিবেশবান্ধব তালবীজ রোপণ অভিযানটি অত্যন্ত সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়, যা স্থানীয় সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

