ভালুকা উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় জমি বেচাকেনা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. রমজান আলী বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে স্থানীয় জাহাংগীর আলম, আবু রায়হান, আব্দুল মোতালেব, আব্দুল মালেক, নাজমা আক্তার, ছনিয়া আক্তার, আব্দুল আওয়াল দের মাধ্যমে একটি জমি ক্রয় করেন রমজান আলী। জমি ক্রয়ের আগে অভিযুক্তদের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে লেনদেন সম্পন্ন হয়।

তবে পরবর্তীতে অভিযুক্তরা বিভিন্ন অজুহাতে অতিরিক্ত ২ লাখ টাকা দাবি করেন। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে বাদীকে হুমকি-ধামকি দেওয়া হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১০ মার্চ সন্ধ্যার দিকে স্থানীয় বাজার এলাকায় বাদীকে ডেকে নিয়ে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে মারধর করে এবং গুরুতর আহত করে। এ সময় তাকে রক্ষা করতে গেলে আরও কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মারধর, চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারী জানান, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় তারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নানা অনিয়ম করে আসছে।
ভালুকা মডেল থানার একটি সূত্র জানায়, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

