বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার,নওগাঁ
নওগাঁর পত্নীতলা উপজেলায় উপবৃত্তির ফরম জমা দেওয়াকে কেন্দ্র করে দিনোমনি তিগ্যা (৪১) নামের এক আদিবাসী নারীকে অকথ্য ভাষায় গালিগালাজ, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, অভিযুক্তরা বিভিন্ন সময়ে ক্ষমতার প্রভাব দেখিয়ে গরিব ও অসহায় আদিবাসীদের সরকারি সাহায্য এবং প্রধানমন্ত্রীর উপহার থেকেও বঞ্চিত করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), পত্নীতলা, নওগাঁ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখে উপজেলার বিভিন্ন গ্রামের উপবৃত্তি এবং খ্রিস্টান ধর্মীয় উৎসব ভাতার ফরম জমা দিতে পত্নীতলা উপজেলায় যান দিনোমনি তিগ্যা। কাজ শেষে দুপুর আনুমানিক আড়াইটার দিকে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় বিবাদীগণ তার পথ রোধ করেন।
অভিযুক্তরা হলেন—
১. সুবোধ উড়াও (৫২), পিতা- মৃতঃ সুশীল উড়াও, সাং-বুজরুক মাহমুদপুর। ২. গোপাল উড়াও (৩৪), পিতা- সুবোধ উড়াও , সাং -বুজরুক মাহমুদপুর। ৩. পাতিরাম উরাও, সাং-শালডাঙ্গা সকলের থানা-পত্নীতলা, জেলা-নওগাঁ।
ভুক্তভোগী জানান, বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। তিনি এর প্রতিবাদ করলে তারা তাকে ধাক্কা দিয়ে সিঁড়িতে ফেলে দেন এবং হুমকি দিয়ে বলেন, “তোমাকে একা পাইলে মেরে ফেলবো, তোমাদের গুষ্টি আর রাখবো না।” উক্ত ঘটনার সময় মো. আরিফুল ইসলাম ও শ্রীমতি শিউলি টুডু নামের দুজন সাক্ষী উপস্থিত ছিলেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা আদিবাসী খ্রিস্টান সম্প্রদায়ের সহজ-সরল মানুষের সরলতার সুযোগ নিয়ে এবং রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে নিজেদের ক্ষমতা জাহির করে আসছেন। এর ফলে উপজেলা পর্যায়ে গরিব ও অসহায় আদিবাসীরা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার (যেমন বাইসাইকেল এবং সেলাই মেশিন) থেকে বঞ্চিত হয়েছেন।
ভুক্তভোগী ও এলাকাবাসী এই বিষয়ে এর আগে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শামসুজ্জোহা খান (জোহা), ৪৭ নওগাঁ-২ মহোদয়কেও বিষয়টি অবগত করেছিলেন।
দিনোমনি তিগ্যা বলেন: “আমরা গরিব মানুষ, আমাদের ওপর অন্যায়ভাবে হামলা করা হয়েছে এবং আমাদের না হক হুমকি দেওয়া হচ্ছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অবিলম্বে উক্ত বিবাদীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন।

